
কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মোয়াজ্জেম হোসেন (৭৫) নামের এক ঠিকাদার নিহত হয়েছেন। এ ঘটনায় চালক হান্নান আলীকে (৪২) আটক করেছে পুলিশ।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুরের জেলার রৌমারী উপজেলা সদরের সোনালী ব্যাংকের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত ঠিকাদার মোয়াজ্জেম হোসেন রৌমারী বাজার পাড়া বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকার মৃত বখতিয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্হানীয়রা জানান, রোববার দুপুর
সাড়ে ১২টার দিকে রৌমারী বাজার থেকে বাড়ি ফিরছিলেন মোয়াজ্জেম হোসেন। এ সময় সামনের দিক থেকে ট্রাকটি ধাক্কা দিলে তিনি ছিটকে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক নাজমুল হক শুভ বলেন, ট্রাকের ধাক্কায় মাথায় প্রচন্ড আঘাত লাগায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
আটক ট্রাক চালক হান্নান আলী রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের টাঙ্গালিয়া পাড়া এলাকার সাদেক মন্ডলের ছেলে।
রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, এ ঘটনায় চালক হান্নান আলীকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে