
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদী থেকে উত্তোলিত অবৈধ বালু পরিবহনের দায়ে তিনজন ট্রলিচালককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে ফুলবাড়ী উপজেলার ধরলা নদীর তীরবর্তী সোনাইকাজী এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন।
প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহন ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালে আদালতের উপস্থিতি টের পেয়ে চক্রের মূল সদস্যরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে বালুভর্তি ট্রলিসহ তিন ট্রলিচালককে আটক করা হয়।
আটককৃতরা হলেন— উপজেলার সমন্বয়পাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে আমিনুল ইসলাম (৩৮), চন্দ্রখানা গ্রামের মনছুর আলীর ছেলে বাদশা মিয়া (৩৫) এবং কবির মামুদ গ্রামের আজিজার রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩৬)।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী আটক তিনজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনোয়ার হোসাইন জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।
Leave a Reply