
জাতীয় সংসদে দাঁড়িয়ে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন। তিনি সরাসরি সরকারের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, সরকার কি কোনো ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে? যদি তা সম্ভব না হয়, তবে সরকারকে তা পরিষ্কার করে জানিয়ে দিতে হবে। তারা দিতে না পারলে সেটা আমাদেরকে জানিয়ে দিক।’।
ঘটনার সূত্রপাত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে অগ্নিকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে। নাহিদ ইসলাম জানান, মঙ্গলবার রাতে নুসরাত তাবাসসুমের বাড়িতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়। কয়েক দিন ধরেই তিনি বিভিন্ন হুমকি পাচ্ছিলেন এবং এর জেরে থানায় জিডিও করেছিলেন। তবে স্থানীয় থানার ওসির দাবি, ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত মেলেনি। নাহিদ ইসলাম পাল্টা প্রশ্ন তুলে বলেন, ঘটনাস্থলে ফরেনসিক টিম না যাওয়া সত্ত্বেও ওসি কীভাবে এমন মন্তব্য করলেন? সংরক্ষিত নারী আসনে এনসিপি এবং ১১ দলীয় ঐক্য মনোনীত সদস্য নুসরাত তাবাসসুম।
এদিন সংসদে নাহিদ ইসলাম আওয়ামী লীগ ও ফ্যাসিস্ট শক্তির বিচারের ক্ষেত্রে সরকারের আপসকামী মনোভাবের কড়া সমালোচনা করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি মানবাধিকার রক্ষার ক্ষেত্রে শত্রুর অধিকারের বিষয়ে সরকারের উদ্বেগ বেশি থাকে, তবে তাদের নিজেদেরই পথ খুঁজে নিতে হবে। তিনি আরও যোগ করেন, তারা যদি প্রথম টার্গেট হন, তবে বিএনপিও দ্বিতীয় টার্গেট হবে। ফ্যাসিবাদী শক্তি এতটাই নৃশংস যে, তারা কাউকে ছাড় দেবে না। আক্রমণের লক্ষ্য কারা তা স্পষ্ট এমন মন্তব্য করে সরকারের উদ্দেশে নাহিদ বলেন, ‘আমরা যদি প্রথম টার্গেট হই, দ্বিতীয় টার্গেট কিন্তু উনারাও (বিএনপি) হবেন। আমাদের পরিবার আক্রান্ত হলে উনাদের পরিবারও কিন্তু আক্রান্ত হবে ফ্যাসিবাদী শক্তির দ্বারা। এ বিষয়ে সরকারের কাছ থেকে আমরা সুস্পষ্ট জবাব আশা করি।’।
দেশে চলমান নাশকতা ও নৈরাজ্যের প্রসঙ্গে নাহিদ ইসলাম উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে চাপাতি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। সারা দেশে ককটেল ও পেট্রোল বোমার বিস্ফোরণ বেড়ে গেলেও সরকারের পদক্ষেপ ধীরগতির। ৪৮ ঘন্টা পেরিয়ে গেছে। চাপাতি নিয়ে শ্রীমঙ্গলে ছাত্রশক্তির নেতা হাসিবের ওপর হামলা।
স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণকে আইনশৃঙ্খলার অবনতি না বলার মন্তব্যের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম জানতে চান, সংসদ সদস্যের বাড়িতে হামলার পরও যদি পরিস্থিতির অবনতি হয়েছে বলে স্বীকার করা না হয়, তবে আসলে কী ঘটলে তা স্বীকার করা হবে। এদিকে হামলা ও অগ্নিকাণ্ডের শিকার নুসরাত তাবাসসুম দৃঢ় কণ্ঠে জানিয়েছেন, প্রতিকূল পরিস্থিতি ও আগুনের পথ পাড়ি দিয়েই তিনি তার দায়িত্ব পালন করে যাবেন।