
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নানাবাড়িতে বেড়াতে এসে নীলকমল নদীতে ডুবে মুনতাহা জান্নাত (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের নীলকমল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নিহত মুনতাহা জান্নাত উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোচাবাড়ি গ্রামের আব্দুল মতিন ও মিম দম্পতির মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবা-মায়ের সঙ্গে বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ চরবড়ভিটা পাঠানটারী গ্রামে নানাবাড়িতে বেড়াতে যায় মুনতাহা। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের নীলকমল নদীতে পড়ে নিখোঁজ হয় সে। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। দীর্ঘ অনুসন্ধানের পর রাত সাড়ে ৮টার দিকে নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান নাইম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।