বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
মসজিদের বৈদ্যুতিক তার চুরি নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫ তিনজনের অবস্থা আশঙ্কাজনক সাত জেলায় নতুন পুলিশ সুপার, একাধিক কর্মকর্তার রদবদল ‘ওসি ঠিক তো সব ঠিক’ বলে যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, কল রেকর্ড ভাইরাল কালিয়াকৈরে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ পেটে ক্ষুধা, পথে কুয়াশা—শীতে কাঁপছে কুড়িগ্রাম! শিক্ষক নিয়োগে সিজিপিএ বৈষম্য: বিজ্ঞপ্তি সংশোধনে ৭২ ঘণ্টার আইনি নোটিশ কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন গ্রেপ্তার প্রবাসে থেকেও দেশপ্রেমের অদম্য নজির গড়লেন শিক্ষার্থীরা স্বরাষ্ট্রমন্ত্রী: আসিব-আসিব বলে কতদিন পার হবে জানি না

‘ওসি ঠিক তো সব ঠিক’ বলে যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, কল রেকর্ড ভাইরাল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৬:২৫ পিএম
Advertisement
শেয়ার করুন

‘ওসি ঠিক তো সব ঠিক’—এ কথা বলে এক নারীকে নিজের বাসায় আসতে বলেছেন ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমান। শুধু বাসায় আসতে বলেই থেমে থাকেননি, কোন পথে আসতে হবে, কোথায় গাড়ি বদলাতে হবে, ভাড়া কত দিতে হবে—সেসবও বুঝিয়ে দিয়েছেন। এমনকি ওই নারী বাসায় পৌঁছালে গাড়িভাড়াও দিয়ে দেওয়ার কথা বলেন তিনি।

গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ওসির সঙ্গে ওই নারীর এমন কথোপকথনের দুটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

ফোনালাপের অপর প্রান্তে থাকা নারী দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সাবেক সভাপতি তাসকিরা তানিন সনি। দুটি রেকর্ডের একটিতে ৩ মিনিট ৩৬ সেকেন্ড ও অন্যটিতে ৬ মিনিট ২০ সেকেন্ড কথা বলতে শোনা যায় তাঁদের। প্রথম ফোনালাপে তাসকিরা তানিন সনিকে নিজের বাসায় আসার জন্য ওসিকে বারবার তাগাদা দিতে শোনা যায়। দ্বিতীয় ফোনালাপে তাঁদের মধ্যে টাকাপয়সার লেনদেন, মামলা, তুহিন ও পারভেজ নামের ব্যক্তিদের নিয়ে কথা হয়। তাসকিরা তানিন সনি তাঁর পরিবারের সদস্যদের অসুস্থতা ও বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন।

প্রথম ফোনালাপের শুরুতে ওসি তাসকিরা তানিন সনিকে বাইরে বের হওয়ার কথা বলেন। এরপর কোথা থেকে কীভাবে তাঁর বাসায় যেতে হবে, তা বুঝিয়ে দেন। ওসি বলেন, ‘তোমার বাসার সামনে থেকে, ওই যে থানার কথা বলবা, একটু ফাঁকা জায়গা থেকে একটা সিএনজিতে উঠবা।’

এরপর ওসি ফয়জুল আজীম নোমান তাঁকে থানার দিকে যেতে বলেন। রাস্তা বোঝাতে গিয়ে তিনি বলেন, ‘মসজিদ দেখছ না হাতের বাম পাশে? এই মসজিদের দিকে একটা রাস্তা ঢুকছে। এই সোজা রাস্তার মাথায় আসলে আবার আমারে কল দিবা। একবারে সোজা আমার বাসা।’

যাতায়াতের ভাড়া নিয়েও কথা হয় দুজনের। ওসি বলেন, ‘বাজার থেকে আসলে সিএনজিতে আইবা। ১০০ টাকা দিলে হয়। যদি বলে ২০০ টাকা দিবা।’ এ সময় সনি ওসির বাসায় থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন এবং ভিডিও কল না দেওয়ার প্রসঙ্গ আনেন। জবাবে ওসি বলেন, ‘তোমার লোকেশন তো দেখতেছি রামানন্দপুর।’

যুবলীগ নেত্রী তাসকিরা তানিন সনি রামানন্দপুরে থাকার কথা অস্বীকার করে বলেন, ‘আল্লাহর কসম, একবারে আমার মরা মার কসম, আঙ্কেল আপনি আমাকে বিশ্বাসই করলেন না।’ ওসি তখন বলেন, ‘আই বুঝি তোঁয়ার আঙ্কেল? তোমার মোবাইলে তো আমি এমনি লোকেশন দেখলাম। লোকেশন দেখতেছি যে ছয় নম্বর ওয়ার্ড রামানন্দপুর।’ সনি আবারও বলেন, ‘বিশ্বাস করেন, আমি রামানন্দপুর নাই।’

একপর্যায়ে ফয়জুল আজীম নোমান তাসকিরা তানিন সনিকে আশ্বস্ত করে বলেন, ‘তো তোমারে বিশ্বাস না করার মতো এখনো কিছু কইছি নাকি?’ এরপর তাঁর যাতায়াতের ব্যবস্থা করার কথা বলেন। ওসি বলেন, ‘তুমি যেটা বেস্ট জানো, ওইটা একটা রিজার্ভ করো।’ পরে বলেন, ‘সমস্যা-টমস্যা কিছু নাই তো তোমার। এখন দায়িত্ব তো ওসি সাহেবের, আর ওসি ঠিক সব ঠিক—বোঝো নাই? তুমি যেখান থেকে আসো, থানার দিকে ঢুকে এদিকে আমার বাংলাতে চলে আসবা।’

এ সময় যুবলীগ নেত্রী ওসিকে বারবার ফোন না দিতে বলেন। সনি বলেন, ‘আচ্ছা ঠিক আছে। এখন আর বারবার ফোন দিয়েন না। তাহলে আপু জিজ্ঞেস করবে কে ফোন দেয়, কেন ফোন দেয়।’ পরে তিনি জানান, চৌদ্দগ্রাম থেকে অটোরিকশায় চৌদ্দগ্রাম বাজারে যাবেন। সেখান থেকে মিয়াবাজার হয়ে অন্য গাড়িতে আসবেন। তখন ওসি বলেন, ‘আমি ওই যে গুগল ম্যাপে দেখি, মিয়াবাজার থেকে কতক্ষণ লাগে। তুমি মিয়াবাজার থেকে যেভাবে আসতে, ডাইরেক্ট তাড়াতাড়ি আসা যায়।’ এরপর বলেন, ‘তুমি এখানে আসলে আমি পেমেন্ট করে দিব, অসুবিধা নাই।’

ফোনালাপের শেষ দিকে ওসি তাসকিরা তানিন সনিকে রওনা হওয়ার পর জানাতে বলেন। সনিও মেসেজ দেওয়ার কথা জানান। কথোপকথনে ওসিকে সনির আসার সময় জানতে চেয়ে তাঁর জন্য অপেক্ষা করার কথাও বলতে শোনা যায়।

দ্বিতীয় ফোনালাপের শুরুতে ওসি বলেন, ‘আমি এর জন্য ক্ষমা প্রার্থী।’ এরপর সনি তুহিন নামের এক ব্যক্তির প্রসঙ্গ তুলে বলেন, ‘তুহিন টাকা চায়, আমার বোনকে হুমকি-ধমকি দিচ্ছে।’ তিনি দাবি করেন, একটি মামলায় জামিনের জন্য তিনি সেদিন থানায় দুই লাখ টাকা দিয়েছেন। এখন তুহিনের কারণে তাঁর পরিবার আবার সমস্যায় পড়েছে।

যুবলীগ নেত্রী আরও বলেন, ‘তুহিন ফোনে গালিগালাজ করল, পারভেজ একটা ক্রিমিনাল। একটা ক্রিমিনাল হয়েও পারভেজ কী করে আপনাদের কাছে ফোন করে?’ এ সময় ওসি বলেন, ‘না, আমার কাছে ফোন করে নাই।’ এরপর সনি দাগনভূঞা থানায় বারবার যাওয়া, জিডি ও অভিযোগ করার কথা উল্লেখ করে বলেন, ‘আমি দাগনভূঞা একবার না, বারবার গেছি। জিডি করছি, অভিযোগ করছি, আমার ফোন নিয়ে গেছে। কোনো দিন এই পারভেজ অ্যারেস্ট হয় নাই।’

পরে ওসি তাসকিরা তানিন সনির সঙ্গে আবারও দেখা করে কথা বলার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, ‘তোমারে খালি একটু কথা বলি। দুনিয়া এখন দুনিয়া নাই, বুঝছনি? তুমি আসলে এই কথাটা কইয়া লইতাম।’ ওসি আরও বলেন, ‘তুমি যদি মনে করো যে এখানে কোনো রাজনৈতিক স্বার্থ, টাকাপয়সা—সবকিছুর বাইরে যদি চিন্তা করতে পারবা, তাহলে এর পর থেকে আমার সাথে যোগাযোগ রাখবা।’ এরপর ওসি বলেন, ‘নইলে তোমার জন্য যতটুকু ক্ষতি, আমার জন্য এর থেকে বেশি ক্ষতি।’

এ সময় তাসকিরা তানিন সনি তাঁর বিরুদ্ধে মামলা, টাকা হারানো ও পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ তুলে বলেন, ‘আমি আপনারে একটা কথা বলি, আমি মামলা খাইলাম, আমার দুই লাখ টাকা গেল। এদিক দিয়ে তুহিন ঝামেলা করে থানার মধ্যে আমার বোনরে মারতে গেল।’ তিনি পারভেজকে গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে বলেন, ‘পারলে পারভেজকে অ্যারেস্ট করে দেখান। ফটিক মিয়ারে ধরলেই তো পারভেজ চলে আসে।’

সনি তাঁর সন্তানদের অসুস্থতার কথাও ওসিকে জানান। তিনি বলেন, ‘আমার এতটুকু একটা ছেলে, তার জীবনটাও আপনারা শেষ করে দিছেন। আপনারা শেষ করছেন আমারে মামলা দিয়া হয়রানি কইরা। আমার মেয়ে বর্তমানে হাসপাতালে। আমার মেয়ের মামস, জ্বর-কাশি। মেয়ের অবস্থা অতটা ভালো না, বুঝছেননি?’

জবাবে ওসি বলেন, ‘এখন সব দোষ আমার ওপর ঝাড়তেছ, না?’ সনি বলেন, ‘না, না, আপনার ওপর আমি কেন ঝাড়মু? আমার ওই সাহস নাই আপনার ওপর ঝাড়ার।’

এর আগে ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা-পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তির পর তাঁদের কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ে।

অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিওবার্তায় তাসকিরা তানিন সনি বলেন, ‘গ্রেপ্তারের পর থানাহাজতে ওসি আমার শ্লীলতাহানি করেছেন এবং তাঁকে আলিঙ্গন করার কথা বলেছেন। আমার সঙ্গে হওয়া এসব অন্যায়ের বিচার চাই।’

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে দাগনভূঞা থানার ওসি মোহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, ‘কল রেকর্ডের কথোপকথন আমারই। তবে আসামিকে গ্রেপ্তারে ভিন্ন কৌশল অবলম্বনের জন্য এসব কথাবার্তা হয়েছে। মূলত পুলিশের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে ওই নারী ষড়যন্ত্র করছে। এ ছাড়া আমার বিরুদ্ধে করা টাকা লেনদেনসহ অন্য অভিযোগগুলো সত্য নয়।’

এ ব্যাপারে জানতে চাইলে ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, ‘ইতিমধ্যে কল রেকর্ডগুলো আমাদের নজরে এসেছে। সেগুলো ফ্যাক্টচেকিংয়ের জন্য পাঠানো হয়েছে। এ ধরনের কাণ্ডে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, এর আগে গত আগস্টে দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজীম নোমানকে দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মামলা নিতে অস্বীকার করার অভিযোগে আদালত ওই নির্দেশ দেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়। আদালতের ওই আদেশের পর অভিযোগ তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিলেন তৎকালীন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, কিন্তু পরবর্তী সময়ে ওসিকে তাঁর স্বপদেই বহাল রাখা হয়।

এই বিভাগের আরো খবর