
আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার কক্সবাজারে অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। আমির খসরু বলেন, ‘বিশ্বে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে।
অর্থমন্ত্রী জানান, বর্তমানে আইএমএফের প্রস্তাবিত নতুন কর্মসূচিটি নিয়ে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আশা করা হচ্ছে, আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যেই তাদের কাজ সম্পন্ন হবে এবং সবকিছু ইতিবাচকভাবে এগিয়ে যাবে। আগের সরকারের আমলে নেওয়া আইএমএফের কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি বলেন, শর্তের কারণেই যে বাংলাদেশ পিছিয়ে গেছে এমনটি নয়। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে নেওয়া কিছু সিদ্ধান্ত বর্তমান নির্বাচিত সরকারের পক্ষে বাস্তবায়ন করা অসম্ভব। জনগণের কষ্ট, অর্থনীতির ক্ষতি বা ব্যবসায়ীদের সংকটের কারণ হতে পারে এমন কোনো সিদ্ধান্ত রাতারাতি চাপিয়ে দেওয়া সম্ভব নয়, বরং সময় প্রয়োজন। তিনি বলেন, ‘এ সময়ের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে। মন্ত্রী আরও বলেন, ‘শর্তের কারণে আইএমএফের প্রোগ্রাম থেকে পিছিয়ে গেছি তা নয়। রাতারাতি করতে গেলে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে যেটার জন্য জনগণকে ভুগতে হবে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন।’।
বিশ্ব অর্থনীতির বর্তমান পরিবর্তনের সাথে দেশের অর্থনৈতিক কাঠামোকে খাপ খাওয়ানোর ওপর জোর দিয়ে অর্থমন্ত্রী বলেন, পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনার সাথে বিশ্বব্যাংক, এডিবি এবং জাইকার মতো উন্নয়ন অংশীদাররা এখন নতুন করে সমন্বয় করছে। আইএমএফও সেই ধারাবাহিকতায় বাংলাদেশের সাথে কাজ করার প্রস্তুতি নিচ্ছে। সব অংশীদারদের সাথে সমন্বয় না থাকলে উন্নয়ন কার্যক্রম গতিশীল করা কঠিন হবে বলেও তিনি উল্লেখ করেন।