
হরমুজ প্রণালির আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রতিবেদন অনুযায়ী, নতুন একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি শনাক্ত ও ভূপাতিত করা হয়েছে। ইরানি বাহিনীর ভাষ্যমতে, এই ঘটনার মাধ্যমে তাদের হাতে ভূপাতিত হওয়া মার্কিন এমকিউ-৯ ড্রোনের মোট সংখ্যা দাঁড়াল ৫৮টিতে।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, কেবল বর্তমান অচলাবস্থা নিরসনের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে যাবে না তেহরান। যেকোনো চুক্তিতে নতুন করে যুদ্ধ শুরু হওয়া ঠেকানোর কার্যকর নিশ্চয়তা থাকতে হবে বলেও তিনি উল্লেখ করেন।