
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ডাক দিয়েছেন।
শনিবার রাজধানীর বারিধারার ইন্ট্রো কনভেনশন সেন্টারে বসুন্ধরা সাংগঠনিক থানা (৪০ নম্বর ওয়ার্ড) আয়োজিত ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, একটি নৈতিকতাসম্পন্ন ও সুষ্ঠু সমাজ গড়তে কোরআন ও ইলমের চর্চার পাশাপাশি সুনাগরিক তৈরির প্রকল্পে অর্থ ব্যয় ও বিনিয়োগ বাড়ানো অত্যন্ত জরুরি।
সেলিম উদ্দিনের মতে, অপসংস্কৃতি পরিবার থেকে শুরু করে পুরো সমাজকে বিপথগামী করে তোলে। যেখানে আল্লাহর আইন কার্যকর থাকে না, সেখানে ন্যায়বিচারের অভাব ঘটে এবং দুর্নীতি ও অপরাধের হার বেড়ে যায়। তিনি উল্লেখ করেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সহজ কাজ নয়, এর জন্য ধৈর্য ও ত্যাগের প্রয়োজন। বর্তমানে তিনি এমন নাগরিক তৈরির ওপর জোর দিচ্ছেন, যারা সততা ও আল্লাহর ভয়ে জীবন পরিচালনা করবেন।
সংসদ সদস্যদের নৈতিকতার দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি নিজের সংসদীয় সম্মানী বা প্রাপ্ত অর্থ প্রতি মাসে কওমি মাদরাসায় দান করে অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করেন। সেলিম উদ্দিনের মন্তব্য, সংসদের ৩০০ সদস্যই যদি এমন নীতি-নৈতিকতার চর্চা করতেন, তবে দেশের সামগ্রিক চিত্র বদলে যেত। তিনি জোর দিয়ে বলেন, জামায়াতের সংসদ সদস্যরা সততা ও স্বচ্ছতার সঙ্গেই দায়িত্ব পালন করছেন এবং তাঁদের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ নেই। আমাদের তৈরি করা লোকেরা যেখানেই দায়িত্ব পালন করছেন, সেখানেই সততা ও দুর্নীতিমুক্তভাবে দায়িত্ব পালনের চেষ্টা করছেন। আমরা শুধু কথায় নয়, কাজের মাধ্যমে আমাদের অঙ্গীকার ও অবস্থানের প্রমাণ দিতে চাই।
জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গ টেনে তিনি বর্তমান সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও ক্ষমতায় আসার পর সরকার তা এড়িয়ে চলছে। এ ছাড়া সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার বিষয়টিও বিএনপি সরকার কার্যকর করেনি বলে তিনি অভিযোগ করেন। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ার পর ক্ষমতায় এসে বর্তমান সরকার তা বাস্তবায়নে গড়িমসি করছে।
বসুন্ধরা সাংগঠনিক থানা আমির ও ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আবুল বাসারের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মুহাম্মদ ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মোঃ নাজিম উদ্দিন মোল্লা। এ সময় থানা বায়তুলমাল সম্পাদক বারাকাত গাজী, কর্মপরিষদ সদস্য আনোয়ারুল হক মোল্লা, অফিস সম্পাদক নাসির উদ্দিন তারেক, সমাজকল্যাণ সম্পাদক এস এম মোবারক হোসাইন এবং মজলিসে শূরা সদস্য মোঃ কাইয়ুম উদ্দিনসহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।