
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত সহিংস পরিস্থিতিতে সারা দেশে আদালতের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রবিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বর্তমান পরিস্থিতিতে আগামীকাল সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগ এবং সারা দেশের সকল আদালতের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রধান বিচারপতি যে কোনো সময় যে কোনো আদালতকে বিচারকাজ পরিচালনার আদেশ দেবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ক্ষেত্রে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক বিচারক সাংবিধানিক বাধ্যবাধকতায় সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন।
অনেকদিন ধরে চলে আসা কোটা সংস্কার আন্দোলন সাম্প্রতিক সময়ে সহিংস রুপ নেয়। সহিংসতায় নিহতের ঘটনায় আরও জোরালো হয়ে ওঠে আন্দোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গতকাল শনিবার লক্ষাধিক মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়। তখন দেশাত্মবোধক গান ও স্লোগান দিতে থাকেন অংশগ্রহণকারীরা। একটা পর্যায়ে সেখান থেকে এক দফা দাবি জানিয়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।
ঘোষণা অনুযায়ী রবিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর সরকারদলীয় সমর্থক ও অঙ্গ সংগঠনের কর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এখন পর্যন্ত সারাদেশ থেকে সহিংসতায় ৫০ জনের নিহতের খবর মিলেছে।
Leave a Reply