
সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে কুড়িগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ এর সূচনা করা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে স্বাধীনতা বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৯টায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। বেলা সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান উপলক্ষে কুড়িগ্রাম পৌর অডিটরিয়াম হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মো: মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, জেলা জামায়াতের সেক্রেটারী মাও: মো: নিজাম উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ প্রমুখ।এদিকে দিবসটি সফল করতে সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠাগুলোতে খেলাধুলা, রচনা আবৃতি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলার সকল হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু পরিবার ও প্রতিষ্ঠান সমূহে উন্নতমানের ইফতার ও খাবার পরিবেশন করা হয়।