
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) পরিদর্শনকালে তরুণ উদ্যোক্তাদের সঙ্গে উদ্যোক্তা উন্নয়ন সংলাপে অংশ নিয়ে স্টার্টআপ ও উদ্ভাবনী উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
আজ শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৪টা নাগাদ রুয়েট সফর করেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও আইসিটি প্রতিমন্ত্রী রেহান আসিফ আসাদ। এ সময় তিনি রুয়েট ইনোভেশন হাবে রাজশাহী অঞ্চলের তরুণ উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি সংলাপে অংশগ্রহণ করেন। সংলাপে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী ও রুয়েট অ্যালামনাই কানিজ ফাতিমা, যিনি রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ১৯৯৭–৯৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন (DEIED) প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ও সহকারী পরিচালকগণ, গবেষণা ও উন্নয়ন দপ্তরের পরিচালকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। এছাড়াও রুয়েটসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজের বিভিন্ন বর্ষ ও বিভাগের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
সংলাপে প্রধান অতিথি রেহান আসিফ আসাদ তরুণ উদ্যোক্তাদের চলমান বিভিন্ন প্রকল্প সম্পর্কে ধারণা নেন এবং তাদের সামগ্রিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি উদ্যোক্তাদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন এবং সমস্যা সমাধানে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন। একই সঙ্গে ইনোভেশন হাবের মেন্টরগণ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। বিশ্ববিদ্যালয়গুলোর উদ্যোক্তা টিম ও মেন্টরদের মতামতের ভিত্তিতে উদ্ভাবনী খাতে উন্নয়নমূলক পদক্ষেপ আরও জোরদার করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন (DEIED) প্রকল্পের অতিরিক্ত সচিব সিদ্দিকুর রহমান বলেন, “এই প্রকল্পের মাধ্যমে আমরা একটি ইনোভেটিভ ইকোসিস্টেম গড়ে তোলার চেষ্টা করছি। বিভিন্ন কোহর্টে ৩২০টি টিমের চূড়ান্ত অংশগ্রহণে ৩১১৯ জন শিক্ষার্থী যুক্ত ছিল। আমরা এ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের প্রশিক্ষণও দিচ্ছি—প্রাথমিকভাবে ৩৫০০ জনকে লক্ষ্য নির্ধারণ করা হলেও ইতোমধ্যে ১৫০০ জনের বেশি প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং এটি ৫০০০ জনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের (বিএইচটিপিএ) অধীন আইসিটি বিভাগের ডিজিটাল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট (DEIED) প্রকল্পের প্রকল্প পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। তিনি বলেন, “এই প্রকল্পের আওতায় ২০০০ হাজার সরাসরি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং প্রায় ১ লাখ মানুষ বিভিন্নভাবে উপকৃত হচ্ছেন। আমাদের দেশের প্রতিটি সেক্টরের মানুষের শ্রমের টাকায় এই প্রকল্প চলমান রয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি এই বরাদ্দ যেন উদ্ভাবনী খাতে যথাযথ ফলপ্রসূ হয়।”
উল্লেখ্য, রুয়েটে এ পর্যন্ত মোট ৬টি কোহর্ট সম্পন্ন হয়েছে, যেখানে প্রায় ৭০টিরও অধিক টিমকে মেন্টরশিপ এবং ৩০টির অধিক টিমকে প্রিসিড ফান্ড প্রদান করা হয়েছে। এ প্রকল্পের আওতায় চলমান কার্যক্রম শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন অতিথিরা।