
সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতে শিশুদের সংক্রামক ব্যাধি থেকে সুরক্ষা দিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হাকিমপুর পৌরসভা কার্যালয়ের সামনে এই কার্যক্রমের সূচনা করা হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এসময় শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. তানভীর হাসনাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। ডা. ইফতেখার জাহান, মেডিকেল অফিসার। স্বাস্থ্য কমপ্লেক্স ও পৌরসভার সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানভীর হাসনাত সংবাদমাধ্যমকে জানান, হামের সংক্রমণ পুরোপুরি নির্মূল করার লক্ষ্যে এই বিশেষ টিকাদান কর্মসূচি আগামী ১০ মে পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলবে। কার্যক্রমটি সফল করতে হাকিমপুর উপজেলার ৩টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে সুনির্দিষ্ট পরিকল্পনার আওতায় আনা হয়েছে। শিশুদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তৃণমূল পর্যায়ে মোট ৯৭টি টিকাদান কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। তিনি আরও বলেন, এবারের কর্মসূচিতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ১০ হাজার ৫শ ৭০ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমরা আশাবাদী যে, নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিটি শিশুকে এই সুরক্ষা আওতায় নিয়ে আসা সম্ভব হবে।
ডা. তানভীর হাসনাত, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এলাকার সকল অভিভাবকদের নির্ধারিত সময়ে নিকটস্থ কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply