
কুড়িগ্রামে তিন সপ্তাহব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামী ২০ এপ্রিল থেকে। এ কর্মসূচির আওতায় জেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ২ লাখ ৭১ হাজার ৬৯৯ শিশুকে টিকা প্রদান করা হবে।
এর মধ্যে ছেলে শিশু ১ লাখ ৩৬ হাজার ৭০৭ জন এবং মেয়ে শিশু ১ লাখ ৩৪ হাজার ৯৯২ জন। টিকাদান কার্যক্রম পরিচালিত হবে জেলার ১০টি স্থায়ী কেন্দ্র এবং ১ হাজার ৮৫০টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিভিল সার্জন স্বপন কুমার বিশ্বাস। কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন মেডিকেল অফিসার ডা. রাফি আরাবি।
বক্তারা বলেন, হাম-রুবেলা প্রতিরোধে এ টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মসূচি সফল করতে অভিভাবকদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি নির্ধারিত কেন্দ্রে শিশুদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের সক্রিয় সহযোগিতাও জরুরি বলে তারা উল্লেখ করেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ শিশুকে টিকার আওতায় আনতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
Leave a Reply