
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে চার্জারভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল হোসেন (৬২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী এবং যাত্রীসহ আরও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২২ মে)সকালে পৌরশহরের মুক্তা সিনেমা হল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন পৌরসভার মহলবাড়ী এলাকার মৃত নয়ন শেখের ছেলে। আহতরা হলেন— ভ্যানের যাত্রী পৌর শহরের ভান্ডারা গ্রামের ইউনুস আলীর ছেলে সফিকুল ইসলাম (৪৫), এবং নেকমরদ এলাকার আব্দুর রউফের ছেলে তুহিন (১৭) ও পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলার পয়েন্দা গ্রামের রকেটের ছেলে আতিক (১৬)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মুক্তা সিনেমা হলের সামনের সড়কে দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি চার্জারভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক আবুল হোসেন ও মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কোনো পক্ষের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।