
দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার (২৮ জুন) সকাল ১০ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তানভীর হাসনাত রবিন জানান, এবারের ক্যাম্পেইন সফল করতে উপজেলার সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, উপজেলার ৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ৯৭টি কেন্দ্রে এই কার্যক্রম চলবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। উপজেলায় এবার সর্বমোট ১৩ হাজার ৫১০ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।
অনুষ্ঠানে শিশুদের অপুষ্টি দূরীকরণ এবং অন্ধত্ব প্রতিরোধে সকল অভিভাবককে দ্রুত নিকটস্থ কেন্দ্রে গিয়ে তাদের শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।