
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামে নিখোঁজের ৫৩ দিন পর আওলাদ হোসেন (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১ জুলাই) মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ৯ মে আওলাদ হোসেন নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। পরদিন তার ভাই সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে ২৩ মে আওলাদ হোসেনের ছোট ভাই বেলায়েত হোসেন বাদী হয়ে তার স্ত্রী রানী বেগম, মানিক বেপারীসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন।
তদন্তের একপর্যায়ে ৩১ মে মানিক বেপারীকে আটক করা হয়। পরে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ৩০ জুন সাভারের একটি ডেইরি ফার্ম থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে রিপন ও বিন আমিনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী, চাইনপাড়া গ্রামের একটি গরুর ফার্মের রান্নাঘরের মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় আওলাদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় গ্রেফতার চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত অব্যাহত আছে।