
নওগাঁ জেলা শহরে মাদকাসক্ত ছেলের শারীরিক নির্যাতনে মহাতাব আলী সরকার (৬২) নামে এক রিকশা চালক পিতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। পিতার মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর অভিযুক্ত মাদকাসক্ত ছেলে সুমন পালিয়ে গেছে।
৫ জুলাই গভীর রাতে শহরের বনানীপাড়া এলাকায় মর্মান্তিক এ মৃত্যুর ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানায়, মাদকা সেবনকে কেন্দ্র করে সুমন সরকারের সঙ্গে পরিবারের সদস্যদের প্রায়দিন কলহ লেগেই থাকতো। মাদক সেবনের কারণে গত এক বছর আগে তার স্ত্রী সুমা বেগম বাড়ি ছেড়ে ঢাকার একটি পোশাক কারখানায় কাজ নেন। ৫ জুলাই রোববার দিবাগত গভীর রাতে মাহাতাব সরকার তার ছেলে সুমন সরদারেরর সঙ্গে মাদক সেবন করাকে কেন্দ্র করে বিরোধ শুরু হয়। এক পর্যায়ে সুমন ক্ষিপ্ত হয়ে তার বাবাকে ঘর থেকে টেনেহেঁচরে উঠানে নিয়ে যায় এবং কাঠের বাটাম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতেও সে ক্ষান্ত না হয়ে ইট দিয়ে তার বাবা মহাতাব আলী সরকারের মাথায় আঘাত করে সুমন। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। পরিবারের সদস্যদের দাবী ঘটনা স্থলে তারা এগিয়ে এলে সুমন পালিয়ে যান। খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত পলাতক সুমনকে গ্রেফতারের চেষ্টা চলছে।