
নওগাঁয় চালকলে ভয়াবহ বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় আরো ৪ শ্রমিক গুরুতর আহত হয়েছে।
৭ অক্টোবর বুধবার সকালে জেলার সদর উপজেলার হাঁপানিয়া এলাকায় হাজি ইসারত আলী চালকলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক (৪৫) নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া এলাকার বছির উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো এদিন সকালে ওই চালকলের টিনের সিট দিয়ে তৈরি ধান সিদ্ধের কাজে ব্যবহৃত পানি গরম করা বয়লার চেম্বারে গ্যাস দেয়ার কাজ করছিল শ্রমিকরা।এসময় বিকট শব্দে চালকলের বয়লারের চেম্বারে বিস্ফরণ ঘটে।এতে চারদিকে কালো ধোঁয়ায় আছন্ন হয়ে যায়। এ সময় শ্রমিকরা মৃত্যুভয়ে আতংকিত হয়ে চারিদিকে ছোটাছুটি শুরু করে।কিছু পরে ধোঁয়া কমে গেলে শ্রমিকরা এসে দেখেন চাতালে আব্দুল খালেক নামে ওই শ্রমিক পড়ে আছে। তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় আহত চার শ্রমিক বর্তমানে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকে চালকল মালিক পলাতক রয়েছেন। এ ঘটনার প্রত্যক্ষদর্শী নারী শ্রমিক হামিদা বেগম জানান, হঠাৎ করেই বিকট শব্দে এলাকা কেঁপে ওঠাসহ ধোঁয়ায় আছন্ন হয়ে পড়ে কিছু দেখা যাচ্ছিলো না। কিছু পরে অন্যান্য শ্রমিকরা ফিরে এসে দেখি তাদের একসহকর্মী খালেক সেখানে পড়ে আছে। শ্রমিকদের অভিযোগ জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে এ কাজ করতে হয়। চাতাল গুলোতে তাদের জীবনের কোন নিরাপত্তা নাই। নওগাঁ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বলা যাবে কি কারনে এই বিস্ফোরণ ঘটেছে। নিহত আব্দুল খালেকের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের মাঝে হস্তান্তর করা হয়েছে।