
শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিবান্ধা গ্রামের সুতিয়ারখাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হায়াতুন্নেছা উপজেলার গাছগড়া গ্রামের মৃত সহিমদ্দিনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন হায়াতুন্নেছা। প্রায় চার বছর ধরে তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এ কারণে প্রায়ই বাড়ি থেকে বেরিয়ে যেতেন এবং কিছুক্ষণ পর আবার ফিরে আসতেন। তাই এবার বাড়ি থেকে বের হওয়ার পর স্বজনেরা প্রথমে তেমন উদ্বিগ্ন হননি।
শনিবার সকালে হাতিবান্ধা গ্রামের সুতিয়ারখালের পানিতে এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে এসে মরদেহটি হায়াতুন্নেছার বলে শনাক্ত করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। পরিবারের আপত্তি না থাকায় অপমৃত্যুর মামলা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।