
কুড়িগ্রামের উলিপুরে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বছিরন বেওয়া (৭০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বছিরন বেওয়া ওই এলাকার মৃত নছির উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রেললাইন পার হচ্ছিলেন বছিরন বেওয়া। এ সময় উলিপুর থেকে ছেড়ে যাওয়া চিলমারী-রমনাগামী একটি লোকাল ট্রেন চলে আসে। ট্রেনটি দেখতে পেয়ে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। মুহূর্তেই ট্রেনের নিচে কাটা পড়ে ছিন্নভিন্ন হয়ে যায় তাঁর শরীরের একাংশ। বিচ্ছিন্ন হয়ে যায় একটি হাত ও একটি পা। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।