
দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরাতে মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ওই অঞ্চলের শিল্পায়নে পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। বৃহস্পতিবার বাগেরহাটের মোংলায় চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন (সিআরসিসি) এবং ইনভেস্ট বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজেই উপস্থিত ছিলেন।
এ সমঝোতা স্মারক স্বাক্ষর উপলক্ষে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করে। বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের বাণিজ্যিক ও অবকাঠামোগত অংশীদারত্ব শক্তিশালী করার আহ্বান জানান তারেক রহমান। মোংলাকে কেন্দ্র করে অর্থনৈতিক কার্যক্রম প্রসারে তিনি চীনা উদ্যোক্তাদের বিনিয়োগের অনুরোধ জানান।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি আলোচনার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, চীন ও বাংলাদেশের এই যৌথ পদক্ষেপ দেশীয় বিনিয়োগ, শিল্প ও যোগাযোগের ক্ষেত্রে নতুন সম্ভাবনার সুযোগ তৈরি করবে বলে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিনিয়োগ, শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
অনুষ্ঠানে তারেক রহমান দিনটিকে বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আনন্দের দিন হিসেবে উল্লেখ করেন। দেশের অর্থনৈতিক ভিত মজবুত করার প্রক্রিয়ায় অংশ নেওয়ায় চীনা বিনিয়োগকারীদের ধন্যবাদ জানান তিনি। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে বিভিন্ন চীনা প্রকল্পে বাংলাদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখায় প্রতিনিধিদলটিকে বিশেষ কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।