
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন,স্বৈরাচারের প্রেতাত্বারা এখনো সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে।
তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তাদেরকে ঐক্যবদ্ধভাবে রুখতে হবে।দেশের মানুষ আর কোন স্বৈরাচারের প্রেতাত্বা দেখতে চায় না।
১০ নভেম্বর মঙ্গলবার বিকেল ৩ টায় নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে ডিসি গোল্ড কাপ আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওইসব কথা বলেন।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। বেলুন ও ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, হাজার হাজার ছাত্র জনতার গণঅভ্যুত্থানে রক্তের বিনিময়ে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে।এদেশের জনগণ বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছে।যারা স্বপ্ন দেখছেন ওই স্বৈরাচার নেত্রীকে তারা নিয়ে আসবেন,তারা এখনো বোকার রাজ্যে বাস করছেন। যে নেত্রী তার হাজার হাজার নেতাকর্মীকে রেখে পালিয়ে যায়, তার বাংলাদেশে আসার কোন সুযোগ নেই। বাংলাদেশের জনগন তাকে আর কখনো মেনে নিবে না। তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন দৃড়ভাবে বলতে চাই,আপনারা কোন অন্যায়কারী ও বিশৃ্ঙ্খলকারীকে কোন ভাবে প্রশ্রয় দিবেন না।
তিনি আরও বলেন,বিগত সরকারের আমলে বিএনপির বহুত নেতাকর্মীকে গুম ও খুন করা হয়েছে। অনেকে পুঙ্গুত্ববরণ করে জীবন যাপন করছে।রাজপথে থেকে অগ্রবাদী আন্দোলন ও সংগ্রামে অংশ নেয়া প্রতিটি নেতাকর্মীর শরীরে এখনো ক্ষতের চিহ্ন রয়েছে।
আগামী প্রজন্মের উদ্যেশ্যে ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেন, পেশাজীবি খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তুলতে সবোর্চ্চ গুরুত্ব দিতে হবে।
খেলোয়াড়দের পেশাদারিত্বের জায়গাটি নিশ্চিত এবং প্রাতিষ্ঠানিক রুপ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার কাজ করছে।
তৃনমুল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের তুলে এনে রাষ্ট্রিয়ভাবে কিভাবে তাদের সার্বিক সহযোগীতার মাধ্যমে দেখভাল করে প্রতিষ্ঠিত খেলোয়াড় হিসেবে তৈরি করা যায় সেই পরিকল্পনা তৈরি করা হয়েছে। নতুন কুড়ি প্রথম আসর ৩০৬ জন খেলোয়াড়ের মধ্য থেকে ৪০ জনকে বাছাই করে তাদের স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তি করাসহ আগামী জানুয়ারি থেকে তাদের পড়াশুনা ও খেলাধুলার সকল দায়িত্ব বর্তমান সরকারের।
মেয়েদের অংশ গ্রহণ ও মোবাইল আসক্তি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ছেলেদের সাথে মেয়েরাও খেলাধুলায় অংশগ্রহন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। ডিভাইস থেকে সন্তানদের দুরে রাখার পাশাপাশি সমাজকে সুশৃঙ্খল ও মাদকমুক্ত রাখাতে হলে খেলাধুলার কোন বিকল্প নাই। সুন্দর একটি সমাজ ও রাষ্ট্রিয় ব্যবস্থার মধ্য দিয়ে সামাজিক বিপ্লব ঘটানোর আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী ৫ বছরের মধ্যে উন্নয়ন মুলক সকল কাজ শেষ করা হবে এবং অগ্রাধিকার ভিত্তিতে উপজেলায় ও ইউনিয়ন পর্যায়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেয়া হবে।
আয়োজকরা জানান,যুব সমাজকে মাঠমুখী করার পাশাপাশি তৃনমুল পর্যায় থেকে মেধাবী ও দক্ষ খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্য নিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। খেলায় জেলার ১১টি উপজেলা ও ১টি পৌরসভাসহ মোট ১২টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় রানীনগর উপজেলা ২-১ গোলে মান্দা উপজেলাকে পরাজিত করে। নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু ও ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার এনামুল হক। এছাড়াও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু ও সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, পৌর প্রশাসক টিএম মুমিন, সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম,ও জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামানসহ সরকারী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।