
মহান মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের ৩৭তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। বৃহস্পতিবার তাঁর জন্মস্থান বরিশালের উজিরপুরে দিবসটি উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মেজর এম এ জলিল পরিষদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে তাঁর বর্ণাঢ্য কর্মজীবন, মুক্তিযুদ্ধে অসামান্য অবদান এবং যুদ্ধপরবর্তী রাজনৈতিক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও আলোচনার সময় উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সহসভাপতি মো. মাইনুল আহাদ, মামুন সিকদার, নুরুল ইসলাম সিকদার, মো. শামসুল হক সিকদার, আলী হোসেন রূপক এবং বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক এম এ জাকারিয়া। এ ছাড়াও উজিরপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামান, মাইনুল হক মুকিম মাস্টার, আকবর সিকদার, ইমরান মৃধা ও ফয়সাল সিকদারসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় মেজর এম এ জলিল নূরানী মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মো. মিজানুর রহমান। ১৯৪২ সালের ৯ ফেব্রুয়ারি বরিশালের উজিরপুরে জন্মগ্রহণকারী এই বীর মুক্তিযোদ্ধা ১৯৮৯ সালের ১৯ নভেম্বর পাকিস্তানের ইসলামাবাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালে তাঁকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়।
আলোচনা সভায় স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী বলেন, রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা পুরস্কার পেলেও মুক্তিযুদ্ধের এই সংগঠকের অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। তাঁদের মতে, ৯ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালনকারী এই বীর এখনো মুক্তিযুদ্ধের রাষ্ট্রীয় খেতাব থেকে বঞ্চিত। তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে তাঁকে দেশের প্রথম রাজবন্দী হিসেবে কারাবরণ করতে হয়েছিল। সভায় বক্তারা মেজর এম এ জলিলের মুক্তিযুদ্ধকালীন অবদান ও রাজনৈতিক জীবনের সঠিক মূল্যায়ন, যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে তাঁর প্রাপ্য সম্মান নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।