
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) জাতীয় ও আন্তর্জাতিক অর্জনের স্বীকৃতি তাকে উৎসর্গ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। শুক্রবার প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় গাজীপুরের ভাওরাইদে আলহাজ আব্দুল মালেক মেম্বার হিফজ মাদরাসা ও এতিমখানায় আয়োজিত এক বিশেষ দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সাফল্য একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যের সঙ্গে সম্পৃক্ত। প্রধানমন্ত্রীর ‘করব কাজ, গড়ব দেশ: সবার আগে বাংলাদেশ’ মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী উৎকর্ষ সাধনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দেশ শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর জন্মদিনে এসব সাফল্য উৎসর্গ করতে পেরে বিশ্ববিদ্যালয় পরিবার আনন্দিত ও গর্বিত।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরে উপাচার্য জানান, বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে গাকৃবি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়া আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়নকারী সংস্থা কোয়াকোয়ারেলি সাইমন্ডস (কিউএস) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র্যাঙ্কিংস ২০২৭’-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম এবং সব সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে প্রতিষ্ঠানটি। র্যাঙ্কিংয়ে বিশ্বজুড়ে ৯৩১তম, এশিয়ায় ৩২২তম এবং পরিবেশগত গবেষণায় ৫৮৫তম অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। গবেষণায় উৎকর্ষের জন্য পরিচিত বিশ্ববিদ্যালয়টি এ অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়েও নিজেদের অবস্থান তুলে ধরেছে।
যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ‘ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র্যাঙ্কিং ২০২৭’-এও দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জনের কথা উল্লেখ করেন উপাচার্য। তিনি বলেন, দেশের কল্যাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান যেমন ইতিহাসে অম্লান, তেমনি তাদের উত্তরসূরি প্রধানমন্ত্রীর হাত ধরে দেশের কৃষি, শিল্প ও সামাজিক উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
উক্ত আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধাসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতিমখানার হিফজসহ বিভিন্ন স্তরে অধ্যয়নরত ৪৬ জন শিশু অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এ সময় হিফজসহ ইসলামী শিক্ষার বিভিন্ন স্তরে অধ্যয়নরত ৪৬ জন এতিম শিশু অংশ নেয়।
অনুষ্ঠানের শেষে মাদরাসার প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম প্রধানমন্ত্রীসহ দেশ ও জাতির সার্বিক সমৃদ্ধি ও অগ্রগতির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতের পর উপাচার্য নিজ হাতে মাদরাসার এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেন।