
দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষক ও শিক্ষার্থীদের রাজনৈতিক স্বার্থে নতুন কোনো বিভাগ না খোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘ইন্ডাস্ট্রি–একাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বার্তা দেন। শিক্ষামন্ত্রী স্পষ্ট করে বলেন, কোনোভাবেই বিশ্ববিদ্যালয়গুলোকে যেন ‘বেকারত্বের কারখানা’ বানানো না হয়।
নতুন বিভাগ খোলার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ের বাস্তব প্রয়োজনীয়তা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, কেবল বিভাগ খোলার প্রয়োজনে বা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে নতুন বিভাগ খোলা হলে তা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য কোনো সুফল বয়ে আনবে না। শ্রমবাজারের বর্তমান চাহিদাকে উপেক্ষা করে উচ্চশিক্ষা পরিকল্পনা সাজালে শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলো বেকার তৈরির প্রতিষ্ঠানে পরিণত হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘আমি শুধু এটুকু বলব, বেকারত্বের কারখানা বানাবেন না। এমন কোনো ডিপার্টমেন্ট খুলবেন না, যা কেবল শিক্ষক বা ছাত্র রাজনীতির উদ্দেশ্যে চালু করা হয়েছে।’ তিনি কর্মসংস্থানের সুযোগ নেই এমন বিষয়ে নতুন বিভাগ খোলার অনুমতি না দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতি আহ্বান জানান। শ্রমবাজারে যেসব বিষয়ের চাহিদা নেই, সেগুলোতে নতুন বিভাগ খোলার ক্ষেত্রে ইউজিসিকে আরও সতর্ক ও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।
বিশ্ববিদ্যালয়গুলোকে নতুন বিভাগ চালুর চেয়ে বিদ্যমান বিভাগগুলোর শিক্ষার মানোন্নয়ন, গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়ার দিকে বেশি মনোযোগী হওয়ার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, উচ্চশিক্ষার পরিকল্পনা প্রণয়নের সময় কোন খাতে কতজন দক্ষ জনবল প্রয়োজন, তা আগে নিশ্চিত করতে হবে। এছাড়া দেশের শিক্ষাব্যবস্থায় প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত বিদ্যমান শিক্ষকসংকটের বিষয়টিও তিনি তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, প্রয়োজন অনুযায়ী শিক্ষক নিয়োগ ও জনবল কাঠামো সম্প্রসারণ করা যাচ্ছে না, যা শিক্ষা কার্যক্রমের জন্য বড় চ্যালেঞ্জ। এসব জনবল চাহিদা পূরণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। তিনি বলেন, প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়—সব পর্যায়েই শিক্ষকের ঘাটতি রয়েছে।