
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে নতুন করে আশঙ্কার কথা শুনিয়েছেন এই খাতের ‘গডফাদার’ হিসেবে পরিচিত কম্পিউটার বিজ্ঞানী জিওফ্রে হিন্টন। কানাডার ইউনিভার্সিটি অব ম্যানিটোবায় আয়োজিত এক প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, এআই মডেলগুলো নিজেদের মধ্যে যোগাযোগের জন্য এমন কিছু নতুন ভাষাগত সংকেত ও শব্দের সমন্বয় তৈরি করছে, যা সাধারণ মানুষের পক্ষে বুঝে ওঠা সম্ভব নয়। প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই রহস্যময় যোগাযোগ ব্যবস্থা গবেষকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে তিনি সতর্ক করেছেন।
হিন্টনের ভাষ্যমতে, এআই মডেলগুলো মানুষের মতো করে প্রথাগত পদ্ধতিতে ভাষা শেখে না। প্রশিক্ষণের সময় তারা শব্দগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে নেয়। এই অংশগুলোর প্রতিটি আলাদা অর্থ বহন করতে পারে। তিনি উদাহরণ দেন যে, কোনো শব্দের শুরুতে বা শেষে থাকা বর্ণগুচ্ছ আলাদা অর্থপূর্ণ একক হিসেবে কাজ করে। কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলগুলো মূলত এ ধরনের অসংখ্য ছোট অংশের সমন্বয় বিশ্লেষণ করেই ভাষা বুঝতে ও ব্যবহার করতে অভ্যস্ত হয়। তবে বর্তমানে এআই এজেন্টগুলো এমন সব নতুন শব্দাংশের সমন্বয় তৈরি করছে, যা তাদের প্রশিক্ষণে সরাসরি শেখানো হয়নি। এআই মডেলগুলো এই নতুন ভাষা ব্যবহার করে নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদান করছে, কিন্তু এই সংকেতের অর্থ কী তা গবেষকদের এখনো অজানা।
মানুষের তুলনায় এআইয়ের বড় শক্তি হলো বিশাল পরিসরে তথ্য ও অভিজ্ঞতা ভাগাভাগি করার সক্ষমতা। বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে হিন্টন উল্লেখ করেন, বর্তমানে একই সঙ্গে এআইয়ের ১০ হাজার অনুলিপি বা কপি চালানো সম্ভব। প্রতিটি অনুলিপি ধীরগতিতে কাজ করলেও তারা নিজেদের অর্জিত অভিজ্ঞতা বা শেখা বিষয়গুলো মুহূর্তেই একে অপরের সঙ্গে বিনিময় করতে পারে। ফলে সম্মিলিতভাবে এই ব্যবস্থাটি অনেক বেশি কার্যকর ও দ্রুত তথ্য বিশ্লেষণ করতে সক্ষম হয়। এই জ্ঞান বিনিময়ের ক্ষমতা ডিজিটাল বুদ্ধিমত্তাকে মানুষের বুদ্ধিমত্তার চেয়ে অনেক বেশি শক্তিশালী করে তুলছে। কোনো এজেন্ট স্বতন্ত্রভাবে কিছু শিখলে তা কয়েক সেকেন্ডের মধ্যেই হাজারো এজেন্টের কাছে পৌঁছে যায়, যা পুরো প্রক্রিয়ার অগ্রগতিকে বহুগুণ বাড়িয়ে দেয়।
হিন্টনের আশঙ্কা, ভবিষ্যতে এআই মডেলগুলো মানুষের তৈরি তথ্যের ওপর নির্ভর না করেই নিজেরাই নিজেদের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করতে সক্ষম হবে। এক্ষেত্রে তিনি গুগলের আলফাজিরো সিস্টেমের উদাহরণ টেনেছেন, যেটি নিজের সঙ্গে নিজেই প্রতিদ্বন্দ্বিতা করে দাবা খেলায় অসাধারণ দক্ষতা অর্জন করেছিল। তার মতে, এআই একইভাবে ভাষাভিত্তিক মডেলের ক্ষেত্রেও নিজেদের বক্তব্যের অসংগতি খুঁজে বের করে বা সংশোধন করে নতুন কিছু শিখতে পারবে। এসব ব্যবস্থা কারও সহায়তা ছাড়াই চিন্তা করতে, সিদ্ধান্ত নিতে এবং নিজেদের উন্নত করতে পারে, যা শেষ পর্যন্ত মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি করছে।
উদ্বেগের কারণ হলো, এই উন্নত এআই মডেলগুলো যদি মানুষের বুদ্ধিমত্তার চেয়ে শক্তিশালী হয়ে ওঠে, তবে তাদের চিন্তা করার ধরন বা যোগাযোগের প্রক্রিয়া পুরোপুরি মানুষের বোধগম্যতার বাইরে চলে যাবে। যখন এআইয়ের কাজের ধরণ কিংবা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া মানুষের পক্ষে আর বোঝা সম্ভব হবে না, তখন সেগুলোকে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা হবে সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রযুক্তির এই অগ্রযাত্রায় এআই নিজের মতো করে বিকশিত হতে থাকলে ভবিষ্যতে সেটি বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি বা জটিলতার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করেন জিওফ্রে হিন্টন।