
ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বাড়াতে মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভায় শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় মিরকাদিম পৌরসভার উদ্যোগে পৌর প্রশাসকের নেতৃত্বে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। কর্মসূচির আওতায় পৌরসভার বিভিন্ন এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার, মশার প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস এবং ডেঙ্গু বিস্তার রোধে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হয়।
এর আগে একই দিন সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে সারাদেশে তিন মাসব্যাপী ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে মিরকাদিম পৌরসভা কর্তৃপক্ষ নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে পৌরবাসীকে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে।
পৌরসভা কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু প্রতিরোধে শুধু পৌরসভার উদ্যোগ যথেষ্ট নয়; এজন্য নাগরিকদেরও সচেতনভাবে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে।
অভিযানে মিরকাদিম পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্কাউটসের প্রতিনিধি এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।