
রাজধানীর মিরপুরে হযরত শাহ আলী (রহ.)-এর মাজারে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার তিনজনের দুই দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। তারা হলেন- মো. আজম, শেখ মো. সাজ্জাদুল হক রাসেল ও আরমান দেওয়ান।
রোববার (১৭ মে) তাদেরকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তিনদিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে শাহ আলী থানার উত্তর বিশিল এলাকা থেকে এই তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মিরপুরের শাহ আলী মাজারে হামলা হয়। এ ঘটনায় গতকাল ১৬ মে মামলা করেন আহত এক নারী।