1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রুয়েটে শুরু হয়েছে গবেষণা প্রকল্প অগ্রগতি সেমিনার: বরাদ্দ ৩ কোটি টাকার অধিক - আজকের কাগজ
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
রাতে স্ত্রীর কাছে ফোনে টাকা দাবি, সকালে হোটেলে মিলল শিক্ষকের লাশ ‘আমার সুইটিরে আইনা দ্যাও, আমি ওরে দেহুম’ পুলিশের ওপর হামলা করে ২৮ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আহত এএসআই ‘সুপারভাইজার বাস চালাচ্ছিলেন’, ওভারটেক করতে গিয়ে সংঘর্ষে নিহত ১৪ এবার নাতির অস্ত্রের আঘাতে দাদার ক্ষতবিক্ষত লাশ! আটক নাতি নিখোঁজের ২৪ দিন পর শালবনে মিলল নিহত কিশোরের দেহাবশেষ, গ্রেপ্তার ২ চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশিকে নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে নেশার টাকা না দেওয়ায় পাবনায় মাকে জবাই করে হত্যা, ছেলে আটক জুলাইয়ে ছাত্র-জনতা চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: ডা. শফিকুর রহমান

রুয়েটে শুরু হয়েছে গবেষণা প্রকল্প অগ্রগতি সেমিনার: বরাদ্দ ৩ কোটি টাকার অধিক

রুয়েট প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:১২ পিএম
শেয়ার করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ইউজিসি’র অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্পসমূহের অগ্রগতির উপস্থাপনা উপলক্ষ্যে দুই দিনব্যাপী Progress Seminar Ceremony শুরু হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরের আওতায় অনুমোদিত প্রকল্পগুলোর অগ্রগতি আগামীকাল পর্যন্ত আয়োজিত সেমিনারে তুলে ধরা হবে।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) প্রথম দিনের সেমিনারে পুরকৌশল অনুষদ এবং ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের শিক্ষক ও গবেষকরা তাদের প্রাপ্ত গবেষণা প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো: কামরুজ্জামান, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো: নুরুল ইসলাম, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী, ইসিই অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ সহ সংশ্লিষ্ট অনুষদের শিক্ষক ও গবেষকরা উপস্থিত ছিলেন।

সেমিনারে সভাপতিত্ব করেন রুয়েট গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক। এসময় তিনি জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক অর্থায়িত এসব গবেষণা প্রকল্পের কার্যক্রম শুরু হয় গতবছর জুলাই থেকে। এ অর্থবছরে প্রকল্প বাবদ ৩ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্পগুলো তিনটি ক্যাটাগরিতে অনুমোদন পায়। যার মধ্যে রয়েছে শিক্ষকদের জন্য গবেষণা প্রকল্প, পিএইচডি গবেষণা প্রকল্প (শিক্ষার্থী ও শিক্ষক) এবং মাস্টার্স শিক্ষার্থীদের জন্য প্রকল্প, যা রুয়েটের বিধি অনুযায়ী শিক্ষকদের তত্ত্বাবধানে পরিচালিত হয়। এছাড়াও আজকে অনুষ্ঠানে উপস্থাপনা সঞ্চালনা করেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের অতিরিক্ত পরিচালক প্রকৌশলী মুফতি মাহমুদ রনি।

চলতি বছরে মোট ৭১টি গবেষণা প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে শিক্ষক-শিক্ষিকাদের ক্যাটাগরিতে ৪৯টি, পিএইচডি ক্যাটাগরিতে ২টি (একজন শিক্ষার্থী ও একজন শিক্ষক) এবং মাস্টার্স ক্যাটাগরিতে ২০টি প্রকল্প বরাদ্দ দেওয়া হয়েছে। শিক্ষক ক্যাটাগরির প্রকল্পগুলোতে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকসহ সকল স্তরের শিক্ষকরা যোগ্যতা অনুযায়ী অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। প্রকল্পসমূহ ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, সিএসই, ম্যাটেরিয়াল সায়েন্স, মেকাট্রনিক্স, মেটালার্জি, কেমিক্যাল, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং, আর্কিটেকচার, কেমিস্ট্রি, ফিজিক্সসহ বিভিন্ন বিষয়ভিত্তিক ক্ষেত্রে বরাদ্দ দেওয়া হয়েছে।

সেমিনারে রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, “আমাদের গবেষণাগুলোকে লক্ষ্যভিত্তিক হতে হবে এবং দেশের ও সমাজের বাস্তব চাহিদা পূরণে ভূমিকা রাখতে হবে। ব্যবহারযোগ্য পণ্যের দিকে অগ্রসর হওয়া এবং গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিংয়ে ইতিবাচক প্রভাব সৃষ্টির ওপর তিনি গুরুত্বারোপ করেন।” পাশাপাশি ব্যক্তি, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ফান্ডিং বৃদ্ধি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পেটেন্ট না থাকায় এ খাতে গবেষণা আরও জোরদার করা প্রয়োজন।

পুরকৌশল বিভাগের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, ১৫ বছরে আগের তুলনায় এখন গবেষণার পরিধি অনেক বিস্তৃত হয়েছে। তবে সিনিয়র শিক্ষকদের তুলনামূলক কম অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণা একটি গর্বের বিষয় এবং প্রকৌশলী হিসেবে এ ক্ষেত্রকে আরও শক্তিশালী করা প্রয়োজন।

এছাড়াও ডিনদের বক্তব্যে যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. নুরুল ইসলাম বলেন, শুরুতে গবেষণা ফান্ডিং তুলনামূলক কম ছিল, যা বর্তমানে বৃদ্ধি পেয়েছে। গবেষণা বিশ্ববিদ্যালয়ের মেরুদণ্ড, এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অবদান আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

গবেষণায় সময়ানুবর্তিতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গবেষণাকে বাস্তবমুখী করতে হবে, বলেন ইসিই অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ।

এছাড়াও সেমিনারের ২য় দিন অর্থাৎ আগামীকাল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের সেমিনার কক্ষে যন্ত্রকৌশল ও ইসিই অনুষদের শিক্ষক ও গবেষকরা তাদের প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করবেন।

এই বিভাগের আরো খবর