
কুড়িগ্রামের রৌমারীতে মালবোঝাই ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন এক মা, তাঁর ১২ বছরের ছেলে ও ৭ বছরের মেয়ে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়েদাবাদ বাজারসংলগ্ন রৌমারী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের চৎলাকান্দা এলাকার রৌমারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক শহিদুল ইসলামের স্ত্রী লিপি বেগম (৪০), তাঁর ছেলে রিশাদ (১২), মেয়ে তুবা আক্তার (৭) এবং লিপি বেগমের বড় বোন শরিফা বেগম (৫০)। শরিফা বেগম যাদুরচর ইউনিয়নের কর্তিমারী এলাকার বাদশার মিয়ার স্ত্রী। নিহত অটোরিকশাচালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে রৌমারী শহর থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল মালবোঝাই একটি ট্রাক। পথে সায়েদাবাদ বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রীরা গুরুতর হতাহত হন। দুর্ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও দুজন মারা যান।
এ ঘটনায় আহত একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।
রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।