
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিক্যাল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন,যাওয়াত, ফেরদৌস, কৌশি, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা।
আহত সবাই বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের শিক্ষার্থী। তারা কলেজের বার্ষিক ভ্রমণে কক্সবাজার যাচ্ছিলেন। আহতদের মধ্যে ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা সোমবার রাতে সেন্টমার্টিন পরিবহনের চারটি বাসে করে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। ভোর সাড়ে ৪টার দিকে দাউদকান্দির জিংলাতলী এলাকায় পৌঁছালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা ৪০ শিক্ষার্থীর মধ্যে অন্তত ২০ জন আহত হয়।
খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে। গুরুতর আহত ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করি। দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৪০ জন শিক্ষার্থীর মধ্যে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’