
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মুহাম্মাদ শোরাফ উদ্দিন স্বপন, সহ-সভাপতি হিসেবে ইসমাইল হোসেন রাসেল এবং সাধারণ সম্পাদক হিসেবে মুফতি মনির হোসাইনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনীতে অবস্থিত শহীদ মাসরুর চত্বর সংলগ্ন সৈয়দ ফজলুল করীম (রহ.) কমপ্লেক্সে জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি ইসমাইল সিরাজীর সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাসেল।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট বায়েজিদ হোসাইন। তিনি আনুষ্ঠানিকভাবে নবগঠিত কমিটির নেতাদের শপথবাক্য পাঠ করান। প্রধান বক্তা হিসেবে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মুহাম্মদ সাইফুল ইসলাম গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মহিউদ্দিন ও সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম। এছাড়াও ইসলামী শ্রমিক আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ডা. নাছির আহমেদ এবং ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুরাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সম্মেলনে অংশ নেন।