1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সীমান্তে ভয়ংকর ‘আইস’-এর থাবা, কুড়িগ্রামে প্রথম উদ্ধার - আজকের কাগজ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

সীমান্তে ভয়ংকর ‘আইস’-এর থাবা, কুড়িগ্রামে প্রথম উদ্ধার

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ১০:১৫ পিএম
শেয়ার করুন

সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে প্রথমবারের মতো উদ্ধার হয়েছে বিশ্বের অন্যতম ভয়ংকর ও উচ্চমাত্রার মাদক ক্রিস্টাল মেথ আইস (মেথঅ্যামফেটামিন)। একই অভিযানে জব্দ করা হয়েছে হেরোইনও। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। নতুন এ মাদক উদ্ধারের ঘটনায় সীমান্তপথে মাদক পাচারের কৌশল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক (এসআই) জান্নাতুল ফিরদৌস।
এর আগে বুধবার (১ জুলাই) বিকেলে জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিএনসি। অভিযানে উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের মৃত সাহেব আলীর ছেলে মো. শাহীন খানকে (২৮) গ্রেফতার করা হয়।
অভিযানকালে তার বসতবাড়ির শয়নকক্ষের খাটের পাশের টেবিলের ড্রয়ারে রাখা একটি সাদা প্লাস্টিকের কৌটা থেকে ১০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ২ দশমিক ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, উদ্ধার হওয়া ক্রিস্টাল মেথ আইস অত্যন্ত উচ্চমাত্রার ও ভয়ংকর মাদক। দেশে সীমিত পরিসরে এ মাদক উদ্ধার হলেও কুড়িগ্রাম জেলায় এই প্রথমবার এটি জব্দ করা হয়েছে। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে সংস্থাটি।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক (এসআই) জান্নাতুল ফিরদৌস।
এসআই জান্নাতুল ফিরদৌস বলেন, “মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। নতুন ধরনের মাদক পাচার ঠেকাতে সীমান্ত এলাকাও নিবিড় নজরদারির আওতায় আনা হচ্ছে।”
আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা বলছেন, সীমান্তবর্তী এলাকায় নতুন ধরনের মাদকের উপস্থিতি রোধে গোয়েন্দা তৎপরতা ও সমন্বিত অভিযান আরও জোরদার করা হবে।”

এই বিভাগের আরো খবর