
মুন্সিগঞ্জ সদর উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে মুন্না মৃধা নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি এলাকায় নিহতের বাড়ির সামনে থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্নাকে বাড়ি থেকে ডেকে নেয়া হয়। এরপর শুক্রবার ভোরে বাড়ির সামনে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
নিহতের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে মুন্নাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাকে মাদকাসক্ত দাবি করে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, মুন্না মাদকাসক্ত ছিলেন এবং মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। মাদকদ্রব্য কেনাবেচা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ওসি আরও জানান, মুন্নার হাতের রগ ধারালো অস্ত্রের আঘাতে কেটে দেয়া হয়েছিল। এ ছাড়া তার পায়েও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।