
রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সে করে অভিনব কৌশলে মাদক পাচারের চেষ্টা! তবে পুলিশের চেকপোস্টে ধরা পড়েছে সেই মাদকবাহী অ্যাম্বুলেন্স। এ সময় অ্যাম্বুলেন্স থেকে ৬৭২ বোতল স্কাফ সিরাপ উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
সোমবার (২ নভেম্বর) সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতু টোল প্লাজায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে এসআই রেজওয়ানুল ইসলামসহ পুলিশের একটি দল টোল প্লাজায় চেকপোস্ট বসায়। এ সময় একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে রোগী পরিবহনের আড়ালে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬৭২ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। পরে মাদকসহ অ্যাম্বুলেন্সটি জব্দ এবং দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া কাজীবাড়ির মো. নাহিদ (২৬) ও চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাহেরগড়া ইদ্রিস চেয়ারম্যান বাড়ির আব্দুর রহিম মুন্না (২৬)।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে।
দাউদকান্দি মডেল থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রোগী পরিবহনের মতো জরুরি সেবার আড়ালে মাদক পাচারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদক পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।