
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বড় ভাইয়ের জন্মদিন উদযাপনের সময় গলায় বেলুন আটকে রাফসা নামে সাত মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বারবাড়ীয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফসা ওই এলাকার রনি মিয়ার মেয়ে।
বারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহাবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার ছিল রাফসার বড় ভাই ইহানের ৪র্থ জন্মদিন। এ উপলক্ষে পরিবারের সদস্যরা ঘর সাজাতে বেলুন ফুলিয়ে ব্যস্ত ছিলেন।
এ সময় শিশুটি খাটে বসে খেলছিল। পরিবারের সবার অজান্তে সে একটি বেলুন মুখে দেয়, যা গলায় আটকে যায়। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত রাফসাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়।
হঠাৎ ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় পুরো পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জন্মদিনের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিনত হয়।