
জাতীয় ফুটবল স্টেডিয়ামকে দেশের ক্রীড়াঙ্গনের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যে সাজিয়ে তোলার নতুন পরিকল্পনা হাতে নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। নতুন রূপ পাওয়ার পর স্টেডিয়ামটিতে স্থান পাবে স্বাধীন বাংলা ফুটবল দল, আইসিসি ট্রফি জয় এবং দেশের ক্রীড়াঙ্গনের ঐতিহাসিক বিভিন্ন অর্জনসহ কৃতী খেলোয়াড়দের স্মারক। সম্প্রতি জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে নিরাপত্তাকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত এক সচেতনতামূলক সভায় এই পরিকল্পনার বিষয়টি জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
প্রবেশ ও বহির্গমন পথ সংস্কার এবং পুলিশ বক্স উন্নত করার পাশাপাশি স্টেডিয়ামটিকে আরও দৃষ্টিনন্দন ও ক্রীড়াবান্ধব পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানান, স্টেডিয়ামের সার্বিক পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ক্রীড়াঙ্গনের স্বর্ণালী ইতিহাস এবং জাতীয় বীরদের স্মৃতি সংরক্ষণের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে দেশের খেলাধুলার ঐতিহ্য তুলে ধরাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
এর পাশাপাশি দেশের ক্রীড়া স্থাপনাগুলোর নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদার করতে নিরাপত্তাকর্মীদের হাতে নতুন সরঞ্জাম ও পোশাক তুলে দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং জবাবদিহি বজায় রাখার নির্দেশ দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। স্টেডিয়াম এলাকা থেকে অনিয়ম, মাদক, ছিনতাই, অনৈতিক কর্মকাণ্ড এবং ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করে একটি সুস্থ ও নিরাপদ খেলার পরিবেশ তৈরির ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।