
জাহাজভাঙা শিল্পের ক্ষেত্রে বাসেল কনভেনশনের আন্তর্জাতিক নিয়ন্ত্রণ ব্যবস্থা থেকে সরে আসার সরকারি সিদ্ধান্ত গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। শিল্পমালিকদের অনুরোধে নেওয়া এই পদক্ষেপে পরিবেশ, শ্রমিক এবং উপকূলীয় জনবসতির সুরক্ষার চেয়ে ব্যবসায়িক লাভকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। একদিকে সবুজ শিল্পায়নের প্রতিশ্রুতি, অন্যদিকে বিপজ্জনক বর্জ্য নিয়ন্ত্রণের আন্তর্জাতিক নিয়ম থেকে পিছু হটার বিষয়টি সরকারের স্ববিরোধী অবস্থানকে স্পষ্ট করে তুলেছে।
শিল্পমালিকদের দাবি অনুযায়ী বাসেল ও হংকং কনভেনশনকে ‘এক রোগের দুই চিকিৎসক’ হিসেবে দেখার বিষয়টি বিভ্রান্তিকর। এ দুটি কনভেনশনের কার্যপরিধি ভিন্ন। বাসেল কনভেনশন বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণ করে, যেখানে হংকং কনভেনশন মূলত পরিবেশসম্মত জাহাজ পুনর্ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেয়। উভয় কনভেনশন পাশাপাশি কার্যকর থাকলে জাহাজ আমদানি থেকে শুরু করে বর্জ্য অপসারণ পর্যন্ত সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হয়। অথচ একটির অজুহাতে অন্যটির কার্যকারিতা কমিয়ে ফেলা যুক্তিসঙ্গত নয়।
বাসেল কনভেনশন জাহাজভাঙা বা আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করে না, বরং বিপজ্জনক বর্জ্যের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করে। এর আওতায় বর্জ্যের তথ্য প্রকাশ, আমদানিকারক দেশের সম্মতি এবং পরিবেশসম্মত অপসারণ নিশ্চিত করা বাধ্যতামূলক। নির্ধারিত শর্ত পালনে ব্যর্থ হলে বর্জ্য ফেরত পাঠানোর দায়ও আমদানিকারকের ওপর বর্তায়। সরকার কোন যুক্তিতে দেশের স্বার্থবিরোধী এই সুরক্ষা ব্যবস্থা থেকে সরে আসছে, তার পরিষ্কার ব্যাখ্যা জনগণের প্রাপ্য।
শিল্পমালিকেরা গ্রিন ইয়ার্ড তৈরিতে বড় বিনিয়োগ করছেন, যা ইতিবাচক। তবে কেবল অবকাঠামো থাকলেই বর্জ্য নিষ্পত্তি নিরাপদ হয় না। লাইসেন্সধারী প্রতিষ্ঠানের কাছে বর্জ্য হস্তান্তরের পর তা কীভাবে প্রক্রিয়াজাত হচ্ছে, তার কার্যকর নজরদারি সরকারের রয়েছে কি? মিরসরাইয়ে বিশেষায়িত বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণাধীন থাকলেও তার সক্ষমতা যাচাইয়ের আগেই আন্তর্জাতিক নিয়ন্ত্রণ শিথিল করার তাড়া দায়িত্বশীলতার পরিচয় দেয় না। ভবিষ্যতের আশ্বাসে বর্তমানের সুরক্ষা বিসর্জন দিলে শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের চরম ঝুঁকির মুখে পড়তে হবে।
পরিবেশ মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব শিল্পের প্রয়োজনের সঙ্গে জনস্বার্থের ভারসাম্য রক্ষা করা, মালিকদের আবদার পূরণ করা নয়। পরিবেশমন্ত্রী নেতৃত্বাধীন কমিটির কাছে প্রত্যাশা ছিল পরিবেশগত ঝুঁকির একটি স্বাধীন মূল্যায়নের। নীতিনির্ধারণের সময় শ্রমিক প্রতিনিধি, উপকূলীয় জনগোষ্ঠী ও পরিবেশ বিশেষজ্ঞদের মতামত না নেওয়াটা হতাশাজনক। উন্নয়নের নামে বিদেশি জাহাজের বিপজ্জনক বর্জ্য বাংলাদেশের ওপর চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারকে এখনই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বাসেল ও হংকং উভয় কনভেনশনের সুরক্ষা ব্যবস্থা বজায় রাখতে হবে।