
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে পারদ নামতে শুরু করেছে। বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এটিই বর্তমানে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। গত বুধবার সকালে এখানে তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আগের দিন বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
অগ্রহায়ণের শুরু থেকেই পঞ্চগড়ে আকাশ মেঘলা থাকার পাশাপাশি কুয়াশা ও উত্তুরে বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছিল।
বুধবার সন্ধ্যার পর থেকে মেঘ ও কুয়াশা কাটতে শুরু করলে হিমেল বাতাসে রাতের তাপমাত্রা দ্রুত কমে আসে। ফলে স্থানীয় বাসিন্দারা আগের চেয়ে বেশি শীত অনুভব করছেন। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, গত কয়েক দিন আকাশ পুরোপুরি মেঘাচ্ছন্ন ছিল, তবে এখন আকাশ আংশিক মেঘলা। রাতের তুলনায় সকালে সূর্য ওঠায় জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। গতকাল সন্ধ্যার পর থেকে আকাশে মেঘ ও কুয়াশা কমতে থাকে। এখন আকাশের আট ভাগের চার ভাগ মেঘাচ্ছন্ন, মেঘ লুকোচুরি খেলছে। কর্মচঞ্চল হয়ে ওঠে ফসলের খেত ও মাঠঘাট।
আকাশ পরিষ্কার হওয়ার পর সকালের রোদে শীতলতা কাটিয়ে মাঠে নেমেছেন কৃষকেরা। পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের মারুপাড়া এলাকার বাসিন্দা মো. আল আমিন জানান, গত রাতে শীতের প্রকোপ কিছুটা বেশি ছিল এবং ভোরে হিমেল বাতাসের উপস্থিতি ছিল। তবে সকালে রোদ ওঠায় কৃষিকাজে সুবিধা হয়েছে। এই রোদ থাকলে মাঠের ধান সংগ্রহ ও কৃষিকাজ করা সহজ হবে বলে তিনি আশা করছেন। বিকেল হলেই গায়ে শীতের কাপড় জড়িয়ে বের হতে হচ্ছে বাসিন্দাদের। এই আবহাওয়া আমাদের কৃষকদের জন্য ভালো।