
কুড়িগ্রামের সোনাহাট–ভুরুঙ্গামারী সড়কে দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় শাহারা বানু (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালককে আটক করেছে পুলিশ।
রোববার (১৫ জুন) বেলা ১১টার দিকে জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরগামী সড়কের সোনাহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহারা বানু (৪৫) উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকটি গ্রামের আবুল কাশেমের স্ত্রী।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, রোববার সকালে শাহারা বানু স্থানীয় এক দর্জির দোকান থেকে তৈরি পোশাক নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় সোনাহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি পাকা সড়কে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। এতে তার মাথা ফেটে যায় এবং রক্তক্ষরণ হয়। এলাকাবাসী ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে শাহারা বানু মারা যান।
ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বলেন, মামলার প্রস্তুতি চলছে। মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে।