
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট জয় করলেন লিওনেল মেসি। ২০২৬ মৌসুমের এমএলএসে ৩১ ম্যাচে ২৬টি গোল করে তিনি এই অনন্য কীর্তি গড়েন। ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের এমন অর্জনের পর স্বাভাবিকভাবেই তার দীর্ঘ ক্যারিয়ারের গোল সংখ্যা ও সর্বোচ্চ গোলদাতা হওয়ার পরিসংখ্যান নিয়ে কৌতূহল বাড়ছে। এমএলএসের ২০২৬ মৌসুমে ৩১ ম্যাচে সর্বোচ্চ ২৬ গোল করে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয় গোল্ডেন বুট ট্রফি জেতেন ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন কিংবদন্তি।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘এল গ্রাফিকো’-এর তথ্য অনুযায়ী, ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট ৩৩টি ভিন্ন ভিন্ন টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেছেন মেসি। দীর্ঘ ২২ বছরের পেশাদার ফুটবল ক্যারিয়ারে তিনি অসংখ্য টুর্নামেন্টে অংশ নিয়েছেন, যার একটি বড় অংশজুড়ে রয়েছে তার গোল করার অসাধারণ দক্ষতা। গত মাসে তিনি আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। তবে ক্লাব ফুটবলে তার ভবিষ্যৎ পরিকল্পনা এখনও অজানা রয়ে গেছে। আর পেশাদার ফুটবলে ২২ বছরের ক্যারিয়ার কোথায় নিয়ে গিয়ে শেষ করেন, সেটাও আপাতত অজানা।
পরিসংখ্যান বলছে, স্প্যানিশ লা লিগায় আটটি মৌসুমে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার উপরে ছিলেন মেসি। এছাড়া উয়েফা চ্যাম্পিয়নস লিগে ছয়বার এবং কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপে পাঁচবার করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। ইউরোপিয়ান সুপার কাপ এবং মেজর লিগ সকারে (এমএলএস) দুইবার করে এই সাফল্য পেয়েছেন। স্প্যানিশ লা লিগায় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ৮ মৌসুমে, চ্যাম্পিয়নস লিগে ৬ ও কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপে ৫ বার।
তালিকায় আরও দেখা যায়, ক্লাব বিশ্বকাপ, কোপা আমেরিকা, লিগস কাপ, চ্যাম্পিয়নস কাপ এবং দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্বে অন্তত একবার করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মেসি। প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে গোল্ডেন বুট জেতার এই নতুন রেকর্ড তার ক্যারিয়ারের ঝুলিতে আরও এক উল্লেখযোগ্য অর্জন যোগ করল।