
কর্মস্থলে দায়িত্ব পালন করতে গিয়ে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন নিরাপত্তাপ্রহরী মনসুর আলী (৬০)। স্বামীকে বাঁচাতে গিয়ে রক্তাক্ত হয়েছেন স্ত্রী মল্লিকা বেগমও (৫৫)। এমন নির্মম ঘটনায় এবার ক্ষোভে ফুঁসছে কুড়িগ্রাম পৌরসভা। অভিযুক্ত শাহনেওয়াজ ওরফে সানির ফাঁসির দাবিতে বিক্ষোভে নেমেছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। তাঁদের সাফ কথা—মনসুর হত্যার দ্রুত বিচার এবং অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে পাঁচ দফা দাবি সংবলিত স্মারকলিপি জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে হস্তান্তর করেন তাঁরা।
স্মারকলিপিতে হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিল, দ্রুত বিচার আদালতে বিচার কার্যক্রম পরিচালনা, পৌরসভার মাঠপর্যায়ের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত, নিহতের পরিবারের সদস্যদের নিরাপত্তা প্রদান এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন কুড়িগ্রাম পৌর কর্মচারী সংসদের সভাপতি আখতারুজ্জামান রাসেল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, সহসভাপতি আলী রেজা হিরন, যুগ্ম সম্পাদক নুরনবী আহমেদ রানা ও সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দীন রবিনসহ অন্যরা।
বক্তারা বলেন, দায়িত্ব পালনরত অবস্থায় একজন কর্মচারীকে এভাবে নৃশংসভাবে হত্যা করার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। কর্মস্থলে দায়িত্ব পালন করতে গিয়ে যদি প্রাণ দিতে হয়, তাহলে কর্মচারীদের নিরাপত্তা কোথায়? অবিলম্বে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এমন শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।
তুচ্ছ বাধা, তারপরই প্রাণঘাতী হামলা!
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে বিকেলে পৌর টাউন হলে দায়িত্ব পালন করছিলেন মনসুর আলী। এ সময় অভিযুক্ত শাহনেওয়াজ সানি টাউন হলে প্রবেশের চেষ্টা করলে তাঁকে বাধা দেন মনসুর। এতে ক্ষিপ্ত হয়ে সানি তাঁকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মনসুর।
মনসুর আলী কুড়িগ্রাম পৌরসভার দৈনিক হাজিরাভিত্তিক কর্মচারী হিসেবে কাজ করার পাশাপাশি পৌর টাউন হলের নিরাপত্তাপ্রহরীর দায়িত্ব পালন করতেন।
স্বামীকে বাঁচাতে এগিয়ে গিয়ে হামলার শিকার হন স্ত্রী মল্লিকা বেগম (৫৫)। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর শরীর থেকে বিদ্ধ ছুরিটি বের করেন চিকিৎসকরা। বর্তমানে তিনি রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
মনসুরের মৃত্যুতে নিরাপত্তাহীনতায় সহকর্মীরা
এক সহকর্মীর এমন করুণ পরিণতিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের পাশাপাশি তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে মাঠপর্যায়ে কর্মরত কর্মচারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
কর্মচারীদের দাবি, মনসুর হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার পাশাপাশি কর্মস্থলে সব কর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো কর্মচারী যেন দায়িত্ব পালন করতে গিয়ে আর এমন নির্মম পরিণতির শিকার না হন, সে জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। তাঁদের প্রত্যাশা, বিচারহীনতার সংস্কৃতি নয়, মনসুর হত্যার দৃষ্টান্তমূলক বিচারের মধ্য দিয়েই নিশ্চিত হবে কর্মস্থলের নিরাপত্তা।