
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ অধিবেশনের বিরতিকালে শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় তিনি নতুন প্রজন্মকে দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী দিনের নেতৃত্ব দিতে নতুন প্রজন্ম রাষ্ট্র পরিচালনা ও রাজনীতির বিষয়ে আরও আগ্রহী হয়ে উঠবে। তবে রাজনীতিতে জড়ানোর আগেই নিজের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি।
এদিন সংসদ ভবনে লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪১ জন শিক্ষার্থী, ৬ জন শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা সবাই ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী। এছাড়াও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক এবং দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষক এই পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিক্ষার্থীদের জীবনের তিনটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের বাড়ি, শহর ও আশপাশের পরিবেশ সবসময় পরিচ্ছন্ন রাখতে হবে।
যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ব্যবস্থাপনার অভ্যাস গড়ে তোলা জরুরি। দ্বিতীয়ত, পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজের জন্মদিন কিংবা পরিবারের যেকোনো সদস্যের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগানোর জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন তিনি। তৃতীয়ত, পশুপাখিসহ সব প্রাণীর প্রতি মানবিক ও সদয় আচরণ করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সফরের অংশ হিসেবে শিক্ষার্থীরা সংসদ ভবনের কার্যক্রম সম্পর্কে একটি ব্রিফিংয়ে অংশ নেন। পরে তারা সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং সরাসরি অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ পান। সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনের মধ্য দিয়ে তাদের পরিদর্শন শেষ হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন ও একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম।