
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দাবিদাওয়া পূরণ অসম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এসময় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার হাত ধরে প্রতিষ্ঠিত বিভাগীয় এই বিশ্ববিদ্যালয়টির সকল সংকট দ্রুত সমাধান করা হবে।
সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, উপাচার্য আমাকে বেশ কিছু সংকটের কথা জানিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে এসব সমাধানের চেষ্টা করা হবে সাথেসাথে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে দুটি ইলেকট্রনিক বাস দেয়ার প্রতিশ্রতি দেন। ২০২৬-২৭ অর্থবছরে অ্যাকাডেমিক ভবন ও অডিটোরিয়ামের জন্য শিগগিরই বাজেট দেওয়া হবে। এরপর আবাসিক হলসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের দিকে নজর দেয়া হবে বলে জানান তিনি। এসময় শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের ইটের রাস্তার হাঁটতে আমার ভালো লাগেনি। আমরা চেষ্টা করবো দ্রুত সময়ে পাঁকা রাস্তার ব্যবস্থা করবো।
শিক্ষাব্যবস্থা নিয়ে তিনি বলেন,”২০০১-২০০৬ মেয়াদে শিক্ষাব্যবস্থাকে যে অবস্থানে রেখে আসা হয়েছিল, এখন সেখানে নেই। বিগত সরকার শিক্ষাব্যবস্থাকে পেছনের দিকে নিয়ে গেছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি জানান, সরকার ভোকেশনাল শিক্ষায় গুরুত্ব দিচ্ছে।”
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, লেখাপড়ায় কোনো অসাধুতা থাকবে না, মানোন্নয়ন হবে এবং আধুনিক পদ্ধতিতে এআইয়ের সহায়তা নেওয়া হবে। তিনি বলেন, মুখস্থনির্ভর পড়াশোনার দিন শেষ। এখন জ্ঞানভিত্তিক পড়াশোনা করতে হবে এবং সেই জ্ঞান ব্যবহার করতে জানতে হবে। আগামীর বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের তৈরি করতে হবে।
তিনি জানান, ২০২৭ সালে নতুন কারিকুলাম আসছে এবং ২০২৮ সালে শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউট্যাবের মহাসচিব প্রফেসর ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশনে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী।