
দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ৯৫৬ জনের শরীরে। পাশাপাশি নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন আরও ৭৫ জন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮৫৬ শিশু। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৯ শিশুর। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হাম—দুই শ্রেণিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৫ জনে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত ৭৫ জনসহ ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৭২৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ৯৫৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গযুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৬৯২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৪৩৭ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশে হাম পরিস্থিতি এখনো জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে রয়েছে।