
পবিত্র রমজান মাস উপলক্ষে দিনাজপুরের হিলি হাকিমপুর উপজেলায় একদল উদ্দীপ্ত তরুণের উদ্যোগে মাত্র ৫ টাকার বিনিময়ে মানসম্মত ইফতার তুলে দিয়ে তারা অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফুটিয়েছে
আজ শুক্রবার বিকেল ৫ টায় হাকিমপুর উপজেলার সিপি মোড় এলাকায় ‘উদ্দীপ্ত তরুণ’ সংগঠনের পক্ষ থেকে এই ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রতীকী মূল্যে ইফতার পাওয়ার খবরে সেখানে ভিড় জমান কয়েকশ মানুষ। ৫ টাকায় ইফতারের প্যাকেটে ছিল মুড়ি, ছোলা, আপেল বড়ই, পিঁয়াজু, খেজুর, খিচুড়ি,শসা, তরমুজ বেগুনিসহ নানা পদের আয়োজন।
এমন উদ্যোগ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয়রা। ইফতার নিতে আসা নাসিমা বেগম জানান বাজারে সব জিনিসের যে দাম কি কিনে খাবো বাবা, সেখানে এখন মাত্র ৫ টাকায় পেটভরে খাওয়ার মতো ইফতার পাব তা আগে কখনো ভাবিনি। এই অল্প টাকায় ইফতার পেয়ে আমরা খুব খুশি।
সংগঠনটির এমন মহৎ কাজের পেছনের গল্পটি আরও অনুপ্রেরণাদায়ক। উদ্দীপ্ত তরুণ-এর সভাপতি নাঈমুর রহমান জানান, তারা কোনো বড় অনুদান নয়, বরং নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে প্রতি বছর এই আয়োজন করেন। তিনি বলেন
আমরা বন্ধুরা মিলে টিফিনের টাকা জমিয়ে প্রতি বছর দরিদ্র ও অসহায় মানুষের জন্য এই নামমাত্র মূল্যে ইফতারের ব্যবস্থা করি। আজ আমরা প্রায় ৫০০ জনের মাঝে ইফতার বিতরণ করেছি। শুধু ইফতারই নয়, এই রমজান মাসে আমরা চিনি ও সেমাইও বিতরণ করে থাকি।
হাকিমপুরের তরুণদের এই উদ্যোগ এলাকার মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। এলাকাবাসীর মতে, তরুণ প্রজন্মের এমন মানবিক দৃষ্টিভঙ্গি ও আত্মত্যাগ সমাজের বিত্তবানদেরও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে। বিশেষ করে ৫ টাকার প্রতীকী মূল্য রাখার কারণ হলো, যেন কেউ একে অনুদান না ভেবে নিজেদের ক্রয় করা ইফতার হিসেবে মর্যাদার সাথে গ্রহণ করতে পারে।
Leave a Reply