
দেশের আকাশপথে উড়োজাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং বন্যপ্রাণীর ঝুঁকি কমাতে কঠোর অবস্থানে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বিমানবন্দরের নিরাপত্তা বৃদ্ধিতে অত্যাধুনিক অ্যান্টি বার্ড কন্ট্রোল ইউনিট বসানোর নির্দেশ দিয়েছেন। এছাড়া বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক আগ্নেয়াস্ত্র কেনা এবং দীর্ঘদিন ধরে খালি থাকা পদগুলোতে দ্রুত জনবল নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে ‘ন্যাশনাল কমিটি ফর ওয়াইল্ডলাইফ হ্যাজার্ড ম্যানেজমেন্ট অ্যাট দ্য এয়ারপোর্টস অব বাংলাদেশ’র প্রথম সভায় তিনি সভাপতিত্ব করেন। মন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের এভিয়েশন খাতের আধুনিকায়নে নিরলস কাজ করে যাচ্ছে। উড়োজাহাজের নিরাপদ উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করা এই খাতের উন্নয়নের অন্যতম শর্ত। এজন্য সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বার্ড হিটের ঘটনাসমূহ পর্যালোচনা করে কার্যকর বন্যপ্রাণী ব্যবস্থাপনা গড়ে তোলার তাগিদ দেন তিনি।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন এবং বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ কমিটির বিশিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। উড্ডয়ন নিরাপত্তায় নেওয়া এই উদ্যোগসমূহ বাস্তবায়িত হলে বিমানবন্দরের কার্যক্রম আরও ঝুঁকিমুক্ত হবে বলে আশা করা হচ্ছে।