
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার শিবেরডাঙ্গী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে গোডাউনসহ ১১ দোকান পুড়ে সম্পুর্ন ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে নগত টাকা ও মালামালসহ প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে
দাবি করেন ব্যবসায়ীরা।
বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার শিবেরডাঙ্গী বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় মুসল্লি আব্দুল জলিল জানান, ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বেড়িয়ে দেখি আগুন দাউদাউ করে জ্বলছে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
একটি কাঁচামালের দোকানে আগুন লাগলে মুহুর্তেই লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসতে শুরু করে।
ততক্ষণে ভূসির গোডাউন, মুদি দোকান, জুতার দোকানসহ ১১টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
চর রাজিবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অধিনায়ক আবু হানিফ বলেন, রাজিবপুর ও রৌমারী থেকে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী বলেন, ‘ইতিমধ্যে জেলা প্রশাসনকে অগ্নিকাণ্ডের বিষয়টি অবগত করেছি। ব্যবসায়ীদের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।