
সামাজিক ব্যাধি মাদকের বিস্তার রোধে কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে চলছে ব্যাপক ও সমন্বিত মাদকবিরোধী অভিযান। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় জেলার বিভিন্ন থানা এলাকায় নিয়মিত মাদকবিরোধী সমাবেশ ও র্যালির পাশাপাশি সাঁড়াশি অভিযান পরিচালনা করছে পুলিশ।
অভিযানের ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যের সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ১৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৪২ কেজি গাঁজা ও ১০ বোতল হুইস্কি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তীতে নিয়মিত মামলা রুজু, মোবাইল কোর্ট এবং বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার কার্যক্রমের মাধ্যমে সংশ্লিষ্ট আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অপরদিকে চলমান ছিনতাই প্রতিরোধে বিশেষ অভিযানেও ৩ জন ছিনতাইকারী ও চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুমিল্লার পুলিশ সুপার জানিয়েছে, মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে এ ধরনের সাঁড়াশি অভিযান এবং কঠোর আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে। সামাজিক অবক্ষয় রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকর থাকবে।