
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞাতনামা গাড়ির চাপায় স্বামী, স্ত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের হরিপুর মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে ও তাঁর স্ত্রীর নাম ঝরনা বেগম।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায় করে ভোরে প্রাতভ্রমণে বের হন নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী ঝরনা বেগম। তাঁরা হাঁটতে হাঁটতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হরিপুর এলাকায় পৌঁছলে একটি অজ্ঞাতনামা গাড়ি তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে স্বামী স্ত্রী দুজনে সড়কের পাশে ছিটকে পড়ে।
প্রায় এক ঘণ্টা পর অন্য পথচারীরা তাঁদের সড়কের পাশে পড়ে থাকতে দেখে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্হানীয় গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস জানান, অজ্ঞাতনামা গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি তিনি জানতে পেরেছেন। মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্ত করার চেষ্টা করা হবে। নিহত দইজনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।